প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩:০৫ পিএম

সংগৃহীত ছবি
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তাদের এ শাস্তি প্রদান করা হয়। এদের মধ্যে আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদও রয়েছেন। যিনি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধানের দায়িত্বে ছিলেন।
গতকাল রবিবার (১৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন।
উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ১৮ জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল)
বিধিমালা, ২০১৮ এর ৩(গ) অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায়
বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি
থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।