প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৮:০০ পিএম আপডেট: ১৭.০৮.২০২৫ ৮:০৩ PM

সংগৃহীত ছবি
সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনকে শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে আর্থিক ভোগের দায়ে গোয়েন্দা নজরদারিতে রেখেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রবিবার (১৭ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
আক্তার হোসেন বলেন, “অসমাপ্ত আত্মজীবনী নিয়ে যে প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদন দুদকের নজরে এসেছে। দুদক এই বিষয়ে কাজ করছে।”
তিনি আরো বলেন, “ইতোমধ্যেই অভিযোগের বিষয়ে দুদকের গোয়েন্দা কার্যক্রম চলছে। গোয়েন্দা প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পরবর্তী কার্যক্রম চালানো হবে। শিগগিরই এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।”
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় বহুল আলোচিত একটি বই ছিল ‘অসমাপ্ত আত্মজীবনী’। ২০১২ সালে বইটি প্রকাশিত হয়। শেখ মুজিবুর রহমানের চারটি খাতা ঘেঁটে সম্পাদনা ও সংশোধনের পর বইটি প্রকাশ করা হয় বলে দাবি করেছিলেন শেখ হাসিনা।
তবে সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে ভিন্ন তথ্য। সেখানে বলা হয়, এই বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী এবং তার নেতৃত্বাধীন ১২৩ সদস্যের একটি দল। বিনিময়ে তারা সরকারি পদ, নগদ অর্থ ও ফ্ল্যাট পান।
অভিযোগ রয়েছে, ২০১৮ সালে জাবেদ নিয়োগ পান আইজিপি হিসেবে। আর আত্মজীবনী বইটি লিখতে যে ১২৩ জন সদস্য কাজ করেন তারা পান রাজধানীর ধানমন্ডি, বসুন্ধরা ও মিরপুরে কোটি টাকা মূল্যের ফ্ল্যাট এবং নগদ ১ কোটি করে টাকা। এর সরাসরি তত্ত্বাবধান করেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।