বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জন্মাষ্টমীর মিছিলের ইতিহাস ও পুনর্জাগরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৮:৩৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উৎসবের অন্যতম আকর্ষণ হলো মিছিল বা শোভাযাত্রা। ঢাকায় এই শোভাযাত্রার ঐতিহ্য কয়েক শতাব্দী পুরোনো। একসময় এটি ছিল ঢাকার প্রধান উৎসবগুলোর একটি, যা তিনশ–চারশ বছরের বেশি সময় ধরে জাঁকজমকপূর্ণভাবে পালিত হতো। 


বর্তমানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে রাজধানীর পলাশীর মোড় থেকে শুরু হয়ে গুলিস্তান হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয় কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল।



অতীতের জাঁকজমক


মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব জানান, ঐতিহাসিক সূত্রে জানা যায়, ত্রিশ ও চল্লিশের দশকে ঢাকার জন্মাষ্টমী মিছিল গোটা উপমহাদেশের নজর কাড়ত। এই উৎসব দেখতে কলকাতা, আগরতলা থেকে শুরু করে দূরদূরান্তের মানুষ ঢাকায় আসতেন। পুরান ঢাকায় তখন সৃষ্টি হতো এক বিশেষ পরিবেশ। দুটি মিছিল বের হতো—একটি ইসলামপুর থেকে, অন্যটি নবাবপুর থেকে। পরে দুটি মিছিল মিলিত হয়ে রঙিন ও বর্ণাঢ্য রূপ নিত। মিছিলে ফুটে উঠত শ্রীকৃষ্ণের নানা লীলাকাহিনীর দৃশ্যপট।


ইসলামপুরের মিছিলটি আয়োজিত হতো নবাব পরিবারের উদ্যোগে; অর্থায়ন করতেন তারাই। এমনকি নবাব পরিবারের অনেক সদস্য সরাসরি সম্পৃক্ত থাকতেন এ আয়োজনে। তবে ১৯৪৭ সালের পর সাম্প্রদায়িক অস্থিরতার কারণে এই মিছিল বন্ধ হয়ে যায়।



ঐতিহ্যের পুনর্জাগরণ


স্বাধীনতার পর প্রায় চার দশক ধরে বন্ধ থাকার পর নব্বইয়ের দশকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি আবার এই ঐতিহ্য ফিরিয়ে আনে। ১৯৯৩ সালে পুনরায় শুরু হওয়া মিছিল সময়ের সাথে আরও বিস্তৃত হয়েছে। বর্তমানে শুধু ঢাকাতেই নয়, সারাদেশে ঐক্যের বার্তা বহন করে জন্মাষ্টমীর মিছিল অনুষ্ঠিত হয়।



বর্তমান প্রেক্ষাপট


ঢাকায় কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলে প্রতিবছর অংশগ্রহণ বাড়ছে। রাজধানীর প্রতিটি মন্দির ও সংগঠন নিজ নিজ দৃশ্যপট নিয়ে যুক্ত হয় এই উৎসবে। ধর্মীয় আবহ বজায় রেখেই মিছিল এখন পরিণত হয়েছে সার্বজনীনতা ও সমঅধিকারের প্রতীকী উৎসবে।



ইতিহাসের বিস্তার


উইকিপিডিয়ার তথ্যমতে, জন্মাষ্টমীর মিছিল একসময় পুরো বাংলায় খ্যাতি পেয়েছিল। দূরদূরান্ত থেকে মানুষ নৌকায় চড়ে ঢাকায় এসে মিছিল উপভোগ করতেন। বুড়িগঙ্গা নদীতে তখন সারিবদ্ধভাবে নোঙর করা থাকত নৌকা।


কথিত আছে, কৃষ্ণদাস নামের এক ব্যক্তি নবাবপুরে লক্ষ্মী–নারায়ণ মন্দির প্রতিষ্ঠা করেন এবং সেখান থেকেই প্রথম জন্মাষ্টমীর মিছিল শুরু হয়। কাঠের মঞ্চে কৃষ্ণ, বলরাম, নন্দ, যশোদাসহ নানা চরিত্রের বিগ্রহ শোভা পেত। গোপ–ব্রজবাসী সেজে অনেকে ঘোড়ায় বা পদব্রজে নাচগানে মাততেন। বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ খোল–করতালের সুরে হরিনাম কীর্তন করতেন।


কৃষ্ণদাসের মৃত্যুর পর কাঠের চৌকিতে বিভিন্ন অবতারের মূর্তি প্রদর্শন শুরু হয়। ধীরে ধীরে পতাকা, নিশান, অস্ত্রধারী পদাতিকসহ নানা উপাদান যুক্ত হয় মিছিলে। ধনী ব্যবসায়ীরাও তাদের নিজস্ব মন্দির থেকে শোভাযাত্রা আয়োজন করতে শুরু করেন। ফলে ক্রমে এই উৎসব হয়ে ওঠে আরও বৃহৎ, আরও ঐশ্বর্যমণ্ডিত।


স্বদেশ প্রতিদিন/ এমএএম 




আরও সংবাদ   বিষয়:  জন্মাষ্টমী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close