প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৯:১১ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন, সীসেইফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত।
সিফাত আরো জানান, মারা যাওয়া সামির (২৩) চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা। সে পেশায় রেফ্রিজারেটর মেকানিক।
সামিরের সাথে থাকা বন্ধুদের বরাত দিয়ে লাইফগার্ড কর্মী বলেন, আজ সকালে তারা চারজন কক্সবাজার আসেন। দুপুরের দিকে সৈকতে গোসলে নামেন। ঢেউয়ে ভেসে যাচ্ছিলেন,পরে মুমূর্ষু অবস্থায় বন্ধুরা উদ্ধার করে হাসপাতালে আনার পথেই মৃত্যু হয়।
কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে তিন বন্ধু ঘটনার বিষয়ে জানান। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। পরিবারকে খবর দেয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে