প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩:২৮ পিএম

বাগেরহাটের রামপাল উপজেলায় মাছের ঘের জোর দখল নিয়ে হামলায় ৪ জন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক পক্ষ সংঘবদ্ধ হয়ে ওই ঘের দখলে যায়। বাধার সম্মুখীন হলে তারা প্রতিপক্ষদের কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে বলে জানা যায়।
আহতরা হলেন, উপজেলার দর্পনারায়নপুর গ্রামের ছালাম শেখের ছেলে রুবেল শেখ (২৫), পার্শ্ববর্তী শিবনগর গ্রামের শাহাজান আলীর ছেলে শাহ আলম (২৪), একই এলাকার আব্দুল সালামের ছেলে আসাদ শেখ (৪২) ও মো. শাহীন হোসেনের ছেলে আব্দুল্লাহ (২৬)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার উজলকুড় ইউনিয়নের বালিয়াঘাটা শিবনগর গ্রামে ১০ বিঘার একটি মাছের ঘের নিয়ে স্থানীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদ শেখের সাথে একই দলের সহ-সভাপতি শহীদ শেখের বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধ নিরসনের জন্য কিছুদিন আগে উভয়পক্ষকে নিয়ে রামপাল থানায় সালিশ বৈঠক করে মীমাংসা হয়।
পুলিশ আরো জানায়, শহীদ শেখের পক্ষে জাহিদের নেতৃত্বে ৫/৭ জন লোক বৃহস্পতিবার দুপুরের দিকে ধারালো অস্ত্র ও লাঠি সোঁটা নিয়ে ওই ঘের দখলে গেলে আসাদ শেখ বাধা দেয়। এক পর্যায়ে তারা আসাদ শেখসহ ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। খবর পেয়ে পার্শ্ববর্তী ফয়লা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক করে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক মো. সালাউদ্দিন জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। আহতরা সুস্থ হয়ে থানা পুলিশে অভিযোগ করবেন বলে জানা গেছে। অভিযোগ পেলে থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।