প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৪:৫২ পিএম

যুব সমাজকে কৃষির প্রতি আগ্রহী করা ও হারিয়ে যাওয়া ধান ও সবজির জাতের সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “যুব কর্মশালা ও সমাবেশ” এবং বীজ প্রদর্শনী।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরের দিকে সদর উপজেলার জয়নগর গ্রামে বারসিক (BARCIK) এবং দ্য সোয়ালো’স ইন্ডিয়া বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালা ও প্রদর্শনীতে স্থানীয় কৃষকদের সংরক্ষিত বীজ সংগ্রহ তুলে ধরা হয়।
প্রদর্শনীতে প্রায় ৩০০ প্রজাতির ধানের বীজের পাশাপাশি বিভিন্ন ঐতিহ্যবাহী ও বিলুপ্তপ্রায় সবজির বীজ স্থান পায়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকরা জানান, বহু যুগ ধরে সংরক্ষিত এসব দেশীয় জাতের বীজ শুধু খাদ্যনিরাপত্তাই নয়, জীববৈচিত্র্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ তরুণদের কৃষিতে সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত করতে সহায়তা করবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে