প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১০:৩১ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, দীর্ঘদিন পর দেশে একটি সুন্দর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে বিভিন্ন দেশের পর্যবেক্ষক উপস্থিত থাকবেন। তাই পুলিশ বাহিনীর সম্মান ও মর্যাদা রক্ষায় আমাদের সকলকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে হবে।
সোমবার (১১ আগস্ট) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির জুলাই-২০২৫ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কমিশনার এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে পুলিশকে রাজনৈতিক পক্ষপাত থেকে দূরে থেকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ঢাকা মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে।
কমিশনার সাজ্জাত আলী জানান, রাজধানীতে মোটরসাইকেল ব্যবহার করে অপরাধ বাড়ছে। তাই কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে।
তিনি আরো বলেন, জনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রশিক্ষণ অপরিহার্য। ডিএমপির সব সদস্যকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। অপরাধ সম্পর্কে পূর্বতথ্য সংগ্রহ করে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। পাশাপাশি পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক উন্নয়নের ওপরও গুরুত্ব দিতে হবে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস)-এর তথ্য নিয়মিত আপডেটের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। তিনি বলেন, সিআইএমএস-এর তথ্য সঠিক ও সময়োপযোগী ব্যবস্থাপনা তদন্ত প্রক্রিয়াকে স্বচ্ছ ও দক্ষ করবে। এছাড়া ওয়ারেন্ট তামিল ও চার্জশিট দাখিলের ক্ষেত্রে নির্ধারিত সময় বজায় রাখা জরুরি।
ফারুক আহমেদ পুলিশ কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল থাকার পরামর্শ দেন, যাতে মামলার তদন্ত দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন হয়।
সভায় জুলাই মাসের অপরাধ পরিস্থিতি উপস্থাপন করেন যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন। এছাড়া মাসব্যাপী জননিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে সফল বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
সভায় ডিএমপির বিভিন্ন শীর্ষ কর্মকর্তা ও থানার অফিসাররা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ