প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ১১:২৩ পিএম

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্রের জীবনে এই সময়টা কঠিন যাচ্ছে। সম্প্রতি তিনি তার প্রিয় দাদুকে হারিয়েছেন এবং এখন সেই শোক সামলে ওঠার চেষ্টা করছেন।
দাদুর প্রতি তার গভীর ভালোবাসা স্পষ্ট, যিনি তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। ভারতীয় এক সংবাদমাধ্যমকে রুক্মিণী জানিয়েছেন, “সদ্যই দাদুকে হারিয়েছি। আমি ও আমার পরিবার এই শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছি।”
রুক্মিণীর জীবনে শক্তির অন্যতম উৎস তার মা মধুমিতা মৈত্র। বাবা চলে যাওয়ার পর পুরোপুরি ভেঙে পড়ার সময় মা তাকে সাহস দিয়েছেন। মায়েরই অনুপ্রেরণায় তিনি আবার শুটিং ফ্লোরে ফিরতে পেরেছিলেন।
এর আগে দেবের সঙ্গে রুক্মিণীর সম্পর্ক নিয়ে কিছু গুঞ্জন ছিল, শোনা গিয়েছিল তাদের মাঝে দূরত্ব হয়েছে। কিন্তু সব গুঞ্জন উড়িয়ে দেবের সঙ্গে তার জন্মদিন উদযাপন করেছেন রুক্মিণী। প্রেমিককে পাশে রেখে আনন্দ ভাগাভাগি করেছেন তিনি।
দেবের আসন্ন ছবি ‘ধূমকেতু’ নিয়েও রুক্মিণী উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কিছু দিন আগে ছবির গানে প্রেমিকের সঙ্গে একটি রিল ভিডিও পোস্ট করেন তিনি। একাধিক সাক্ষাৎকারে জানান, ‘ধূমকেতু’র প্রতি দেবের সংগ্রামের সাক্ষী তিনি। তাই এই ছবির মুক্তি উপলক্ষে মনের মানুষের পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেন।
চলতি বছরে রুক্মিণী মৈত্রের ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’ মুক্তি পেয়েছে, যেখানে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি বক্স অফিসে ভালো সাড়া পেয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ