প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৯:১২ পিএম

ফেসবুকে ইলিশ মাছ বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেফতার হওয়া দুইজন হলেন- মো. সিফাত মোল্লা (২৫) ও মো. মাসুম বেগ (২৫)।
তিনি জানান, গত ৫ জুলাই সকালে একজন ভুক্তভোগী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘চাঁদপুর ইলিশ ঘাট’ নামে একটি পেজে ইলিশ বিক্রির বিজ্ঞাপন দেখতে পান। সেখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে মাছ কেনার আগ্রহ প্রকাশ করেন।
এরপর একাধিক মোবাইল নম্বরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভুক্তভোগী টাকা পাঠান। বিভিন্ন কৌশলে অভিযুক্তরা তার কাছ থেকে দুই লাখ টাকার বেশি হাতিয়ে নেয়।
পরে প্রতারিত ব্যক্তি নিউমার্কেট থানায় মামলা দায়ের করেন। তদন্তে নেমে প্রযুক্তির সহায়তায় পুলিশ প্রথমে গত ৬ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় নড়াইল সদর উপজেলার রতনগঞ্জ বাজার থেকে সিফাত মোল্লাকে গ্রেফতার করে। পরদিন ভোরে, ৭ আগস্ট সোয়া ৫টায়, কালিয়া থানা এলাকা থেকে মাসুম বেগকে আটক করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়েছে।
ডিএমপির মুখপাত্র বলেন, ‘আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম