প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৬:৫৪ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুড়ি বাণিজ্যিক বন্দরে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে হাসান শিকদার (৩৫) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে বন্দরের এলাকা থেকে তাকে আটক করা হয়।
কালিশুড়ি বন্দরের ব্যবসায়ী মালিক সমিতির নেতাদের অভিযোগ, সম্প্রতি হাসান শিকদার একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করেন। এ সময় ঘটনার প্রতিবাদ করায় এক গ্রাম পুলিশকে মারধর করেন তিনি। সর্বশেষ স্থানীয় ব্যবসায়ী শাহিন শিকদারের নতুন দোকান ঘর নির্মাণের জমি সংক্রান্ত বিরোধের সুযোগ নিয়ে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। ভুক্তভোগী বিষয়টি বাউফলের অস্থায়ী সেনা ক্যাম্পে অভিযোগ জানানোর পর সন্ধ্যার দিকে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক হাসান শিকদার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি কালিশুড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো. চুন্নু শিকদারের ছেলে। চুন্নু শিকদার ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। হাসানের এসব কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে তার মনোমালিন্য চলছিল বলেও জানা যায়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, ‘দোকান সংক্রান্ত বিরোধের ঘটনায় সেনাবাহিনী তাকে আটক করেছে। প্রাপ্ত অভিযোগগুলো যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম