প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১:১৬ AM

সংগৃহীত ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশে নির্ধারিত নো-ফ্লাই জোনে অন্তত ৫২৫টি ভবন অনুমতি ছাড়া নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক/CAAB)। এসব ভবন উড়োজাহাজ চলাচলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে উল্লেখ করেছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তাফা মাহমুদ সিদ্দিক।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার কুর্মিটোলায় সিএএবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এসব ভবনের একটি অংশও সিভিল এভিয়েশনের অনুমোদন নিয়ে নির্মিত হয়নি। অথচ এসব ভবন বিমানবন্দরের নির্ধারিত উচ্চতার সীমা লঙ্ঘন করে গড়ে উঠেছে।”
প্রথমে ভবনের সংখ্যা ২৬৩ বলে উল্লেখ করলেও পরে সংবাদমাধ্যমকে সংশোধিত তথ্য দিয়ে তিনি জানান, প্রকৃত সংখ্যা ৫২৫টি।
বেবিচক চেয়ারম্যান জানান, “আমাদের ভবন ভাঙার এখতিয়ার নেই। আমরা বারবার রাজউককে এ বিষয়ে চিঠি দিয়েছি। এখন তাদের দায়িত্ব এসব অননুমোদিত ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।”
সম্প্রতি উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একটি প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় ৩৫ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। এই ঘটনা ভবনের উচ্চতা এবং বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করে।
তবে সংবাদ সম্মেলনে সিএএবি কর্মকর্তারা জানান, মাইলস্টোন স্কুলসংলগ্ন এলাকায় কোনো অননুমোদিত উচ্চ ভবন নেই।
“সেখানে ভবনের সর্বোচ্চ উচ্চতা ১৫০ ফুট নির্ধারিত। বর্তমানে সর্বোচ্চ ভবনটি ১৩৫ ফুট উঁচু, তাই কোনো নিয়ম লঙ্ঘিত হয়নি,” বলেন এক কর্মকর্তা।
এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত তৃতীয় টার্মিনালের উদ্বোধন নিয়ে নির্দিষ্ট সময় জানাতে রাজি হননি বেবিচক চেয়ারম্যান। তবে তিনি জানান, টার্মিনাল চালুর প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে।
তিনি বলেন, “নতুন টার্মিনাল পরিচালনায় আগ্রহী জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা চলছে। সমঝোতায় পৌঁছালে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হবে।”
সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান আরও জানান, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণকাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং অচিরেই এটি সম্পন্ন হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর