
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ব্যাগ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম বিল্লাহ। ইউএনও’র এই উদ্যোগে বিদ্যালয়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ, উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠেছে শিক্ষার্থীরা।
বুধবার (৬ আগস্ট) সকালে কোটালীপাড়া উপজেলার তারাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর হাতে নতুন ব্যাগ তুলে দেন ইউএনও।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, সহকারী শিক্ষা কর্মকর্তা বাসুদেব বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েল, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শ্রেষ্ঠা রত্ন বলেন, “সবার ব্যাগ এক রকম হওয়ায় খুব ভালো লাগছে। আগে কেউ কেউ ব্যাগ আনতে পারতো না। আজ ইউএনও স্যার আমাদের ইচ্ছা পূরণ করেছেন।”
তৃতীয় শ্রেণির ছাত্রী রাফি বলেন, “আমার আগের ব্যাগটা ছিঁড়ে গিয়েছিল। নতুন ব্যাগ পেয়ে অনেক ভালো লাগছে।”
অভিভাবকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, গ্রামে অনেক পরিবারই দরিদ্র। স্কুল ব্যাগ কেনা অনেকের পক্ষে সম্ভব হয় না। এখন তাদের সন্তানরা আনন্দ নিয়ে নিয়মিত স্কুলে যাচ্ছে, উপস্থিতিও বেড়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক অধিকারী বলেন, “আগে অনেক শিক্ষার্থীর ছেঁড়া ব্যাগ ছিল, কেউ কেউ ব্যাগ আনত না। এখন তারা গুছিয়ে স্কুলে আসছে, এতে আত্মবিশ্বাসও বেড়েছে।”
সহকারী শিক্ষা কর্মকর্তা বাসুদেব বিশ্বাস বলেন, “এই সহায়তা শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করে তুলবে। এতে কোটালীপাড়ার প্রাথমিক শিক্ষা আরও এগিয়ে যাবে।”
ইউএনও মো. মাসুম বিল্লাহ বলেন, “শিক্ষার্থীদের উৎসাহ ও আগ্রহ বাড়াতে আমরা এই উদ্যোগ নিয়েছি। চাই না কেউ শুধুমাত্র অভাবে স্কুলছুট হোক। প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতে আরও বড় পরিসরে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ