প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৭:৫৩ পিএম আপডেট: ০৭.০৮.২০২৫ ৭:৫৪ PM

রংপুর শহরে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ধাওয়া খেয়ে ড্রেনে লুকিয়ে পড়ে এক যুবক। পরে সেখানে আটকে গেলে ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তাকে উদ্ধার করে।
ঘটনাটি ঘটে বুধবার (৬ আগস্ট) দিবাগত রাতে রংপুর নগরীর শাপলা চত্বরের কাছে নুরপুর এলাকায়। উদ্ধার হওয়া যুবকের নাম সিয়াম (২২)। তিনি শহীদ ভাটা এলাকার বাসিন্দা এবং শাপলা চত্বরের লাকি হোটেলে কাজ করেন।
ঘটনার বিবরণে সিয়াম জানান, “রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে নুরপুরের একটি গলিতে যাই। তখন কয়েকজন বখাটে আমার কাছ থেকে টাকা চায়। আমি রাজি না হলে তারা মারধর শুরু করে এবং আমাকে ধাওয়া দেয়। আমি প্রাণ বাঁচাতে পাশের একটি ড্রেনে লুকাই, কিন্তু পরে সেখানে আটকে পড়ি। চিৎকার করলে কিছু স্থানীয় লোকজন এসে আমাকে দেখতে পায় এবং পরে ফায়ার সার্ভিসে ফোন করে।”
রংপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার লিপন মিয়া জানান, “রাত আনুমানিক ১২টার দিকে আমরা খবর পাই, একজন যুবক ড্রেনে পড়ে আটকে আছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করি। ছেলেটি তখন কিছুটা আতঙ্কিত থাকলেও শারীরিকভাবে সুস্থ ছিল।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ