প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১০:৩৮ AM

সংগৃহীত ছবি
ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ এবং পরিবেশমন্ত্রী ইবরাহিম মুরতালা মুহাম্মেদসহ আটজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও ছয় ব্যক্তি নিহত হয়েছেন বলে বিবিসিকে জানিয়েছেন দেশটির সরকারের একজন মুখপাত্র।
গতকাল বুধবার (৬ আগস্ট) ঘানার সেন্ট্রাল আশান্তি অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাটিকে “জাতীয় বিপর্যয়” হিসেবে অভিহিত করেছেন ঘানার ডিফেন্স চিফ অব স্টাফ জুলিয়াস ডেবরাহ। তিনি জানান, এ ঘটনায় দেশের প্রতিটি স্থানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি ডজস ড্রামানি মাহামা নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ করেছেন।
হেলিকপ্টারটি স্থানীয় সময় সকাল ৯টা ১২ মিনিটে অবৈধ খনন প্রতিরোধে আয়োজিত একটি সরকারি ইভেন্টে অংশ নিতে ওবুয়াইসি শহরের উদ্দেশে যাত্রা করে। যাত্রার কিছুক্ষণ পর এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায়, হেলিকপ্টারটিতে তিনজন ক্রু ও পাঁচজন যাত্রী ছিলেন সকলেই নিহত হয়েছেন।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে।
নিহতদের মধ্যে আরও রয়েছেন সহকারী জাতীয় নিরাপত্তা সমন্বয়ক ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মুনিরু মোহাম্মেদ এবং ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস (এনডিসি) পার্টির ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং।
ঘটনার তদন্তে এরইমধ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঘানার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
স্বদেশ প্রতিদিন/এমএএম