প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৬:৪৮ পিএম

চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে দ্রুতগতির লরির ধাক্কায় মো. সাব্বির (২১) নামের এক লরি হেলপার নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন লরির চালক।
বুধবার (৬ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির চট্টগ্রাম নগরীর হালিশহর থানার উত্তর হালিশহর এলাকার মিয়াজের বাড়ির আলী আব্বাসের ছেলে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, ত্রুটিজনিত কারণে কিছু স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এমন সময় পেছন থেকে একটি দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে হেলপার সাব্বির লরির কেবিনে আটকে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের সহযোগিতায় আটকে পড়া মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকাজের জন্য ক্রেন আসার অপেক্ষা করা হচ্ছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ