প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৪:৫০ পিএম আপডেট: ০৬.০৮.২০২৫ ৪:৫৫ PM

মাদারীপুরে প্রকাশ্যে তিন ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ আগস্ট) দুপুরে শহরের ডিসি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন:- মাদারীপুর পৌর এলাকার ‘নতুন মাদারীপুর’ গ্রামের আজিজ মুন্সির ছেলে লিখন মুন্সি, মিলন মুন্সি ও সোহাগ মুন্সি। আহতদের মধ্যে লিখন মুন্সি মাদারীপুর পৌর ছাত্রলীগের সহসভাপতি এবং শ্রমিকদল নেতা শাকিল মুন্সি হত্যা মামলার আসামি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা বিএনপির আয়োজনে গণঅভ্যুত্থান উপলক্ষে একটি বিজয় মিছিল শকুনি লেকপাড় থেকে বের হয়ে ইটেরপুলের দিকে যাচ্ছিল। এতে অংশ নেন লিখন ও তার ভাইয়েরা। এ সময় পেছন থেকে একদল মুখোশধারী দুর্বৃত্ত- মিলন মুন্সির ওপর অতর্কিতে হামলা করে তাকে কুপিয়ে জখম করে। এ সময় ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে লিখন ও সোহাগ মুন্সিও হামলার শিকার হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতাল ভর্তি করেন। লিখন ও মিলনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়।
এদিকে হামলাকারীদের পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর ধাওয়ায় আহত হন মামুন ঢালীর ছেলে আবির ঢালী। তিনিও ওই হামলায় জখম হন এবং বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘শ্রমিকদল নেতা শাকিল মুন্সি হত্যা মামলার জের ধরে এ হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।’
উল্লেখ্য, ২০২৫ সালের ২৩ মার্চ রাতে নতুন মাদারীপুর এলাকায় শ্রমিকদল নেতা শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত শাকিল সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি (একাংশ) ছিলেন। এ ঘটনায় তার ভাই হাসান মুন্সি বাদী হয়ে ২৬ মার্চ সদর মডেল থানায় ৬৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। লিখন মুন্সি সেই মামলার প্রধান আসামিদের একজন।
ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুই পক্ষই জড়িত, বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম