প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১১:১৭ AM আপডেট: ০৬.০৮.২০২৫ ১১:৩১ এএম

টিকটকে পরিচয়, এরপর গড়ে ওঠা প্রেমের সম্পর্ক। কিন্তু তিন মাসের মাথায় প্রেমিকার অন্যত্র বিয়ের খবর জানতে পেরে ঠাকুরগাঁও থেকে প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় আসেন প্রেমিক। সেখানে তরুণীর বাড়িতে বিষপান করে আত্মহত্যা করেছেন এক তরুণ।
ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ি এলাকায়, নিহত তরুণের নাম গোলাম ফেরদৌস দুর্লভ (২৪)। তিনি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাইরিহাট পাতিলভাসা গ্রামের বাসিন্দা এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, গত সোমবার (৪ আগস্ট) দুপুরে প্রেমিকার বাড়িতে গিয়ে গোলাম ফেরদৌস দুর্লভ বিষপান করেন। পরে তাঁকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেদিন রাতেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর তরুণীর পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। মঙ্গলবার (৫ আগস্ট) পুলিশি সহায়তায় নিহতের স্বজনরা তরুণী ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পুলিশের উপস্থিতিতে তরুণী জানায়, তাঁর বাবা-মা জোর করে অন্যত্র বিয়ে ঠিক করেছেন।
তাঁর অন্যত্র বিয়ে হচ্ছে জেনেও গোলাম ফেরদৌস দুর্লভ বিষয়টি সেভাবে গুরুত্ব দেয়নি। আর নিহত তরুণের খালু সজীব হোসেন ও ভাই ওয়াজেদুর রহমান মোবাইল ফোনে জানান, পরিবারের সবাই শোকাহত। থানায় অভিযোগের বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নেননি।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, তরুণের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
কামারখন্দ থানার ওসি আব্দুর রউফ বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আত্মহত্যায় প্ররোচনার কোনো আলামত পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিবার চাইলে অভিযোগ দিতে পারবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম