প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৯:২৭ পিএম

আজ মঙ্গলবার (৫ আগস্ট) মানিকগঞ্জের শিবালয় উপজেলার গুরুত্বপূর্ণ পাটুরিয়া লঞ্চঘাটে পদ্মা নদীর প্রবল স্রোতে একটি জেটি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। একইসঙ্গে আরেকটি জেটিও চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ফলে প্রতিদিন হাজারো যাত্রীকে জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা করতে হচ্ছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম প্রধান এই নৌপথে প্রতিদিন ব্যবহার করেন বিপুল সংখ্যক যাত্রী ও যানবাহন। কিন্তু বর্ষা মৌসুম এলেই পাটুরিয়া লঞ্চঘাটে দেখা দেয় নানা সংকট।
স্থানীয়দের অভিযোগ, প্রতিবছরই একই ধরনের সমস্যা হলেও কর্তৃপক্ষ আগাম প্রস্তুতি না নেওয়ার ফলে আবারও বড় ধরনের বিপর্যয় ঘটেছে।
পাটুরিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক পান্নালাল নন্দী বলেন, নদীতে প্রচণ্ড স্রোতের কারণে জেটির খুঁটির নিচের মাটি সরে যাচ্ছে। এতে একটি জেটি সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং আরেকটি জেটিও যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
বিআইডব্লিউটিএ’র আরিচা নদী বন্দরের উপ-পরিচালক মো. সেলিম শেখ জানান, খবর পেয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। আমাদের একটি টিম ইতোমধ্যে ঘটনাস্থলে গেছে। যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিকল্প হিসেবে লঞ্চঘাটকে রিজার্ভ ২ নম্বর ফেরিঘাটে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, বর্তমানে বর্ষা মৌসুমে তাৎক্ষণিক মেরামত সম্ভব নয়। আপাতত ভেঙে যাওয়া জেটিগুলো উদ্ধার করে সংরক্ষণ করা হবে এবং বর্ষা শেষে স্থায়ীভাবে মেরামতের পর পুনরায় ব্যবহারের উপযোগী করা হবে।
এদিকে, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীসাধারণ।
স্বদেশ প্রতিদিন/ কেআইকে