প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৭:০৬ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আন্না আক্তার (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আন্না এক সন্তানের জননী এবং উপজেলার হাইজাদী ইউনিয়নের বল্লভদী এলাকার সৌদি প্রবাসী আরিফের স্ত্রী। তাদের ১১ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
নিহতের মা কুলসুম বেগম দাবি করেন, পারিবারিক কলহের জেরে সোমবার সন্ধ্যায় শ্বাশুড়ি হাসনারা, ননদ সনি আক্তার এবং চাচা শ্বশুর ফিরোজ মিয়ার সঙ্গে আন্নার তুমুল ঝগড়া হয়। এরপর রাতের কোনো এক সময় আন্নাকে পিটিয়ে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে রেখে তারা পালিয়ে যায়।
নিহতের মায়ের অভিযোগ, শ্বশুর সুরুজ মিয়া ও স্বামী আরিফ কাতার ও সৌদি আরবে থাকায় সুযোগে শ্বাশুড়ি হাসনারা এবং চাচা শ্বশুর ফিরোজ মিয়ার মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। সেই পরকীয়ায় বাধা দেওয়ায় তাদের রোষানলে পড়ে আন্না, যা শেষ পর্যন্ত প্রাণঘাতী হয়ে দাঁড়ায়।
পুলিশ জানায়, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুদ্দিন বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আমরা হত্যা মামলা গ্রহণ করব এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
নিহত আন্না উপজেলার মারুয়াদী গ্রামের রোমান মিয়ার মেয়ে। প্রায় পাঁচ বছর আগে বিয়ে হওয়ার পর স্বামী আরিফ সৌদি আরব চলে যান এবং সর্বশেষ দু’বছর আগে তিনি দেশে ছুটিতে এসেছিলেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ