প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৫:০৯ পিএম

ফাইল ছবি
সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বৈঠকের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “এনসিপির কেন্দ্রীয় নেতারা পিটার হাসের সঙ্গে বৈঠকে বসেছেন—এমন তথ্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এটি সম্পূর্ণ গুজব। বিভিন্ন গণমাধ্যমে যেসব খবর ছড়ানো হচ্ছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।”
একই বিষয়ে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটওয়ারীও এক গণমাধ্যমকে জানান, তিনি ওই সময় ব্যক্তিগত সফরে কক্সবাজারে ছিলেন। পিটার হাসের সঙ্গে কোনো বৈঠকের বিষয়ে তিনি কিছু জানেন না। “পুরো বিষয়টাই গুজব,”—বলেন তিনি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, এনসিপির একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল কক্সবাজার ভ্রমণে গিয়ে সেখানে পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন। সেই তালিকায় এনসিপি নেতাদের মধ্যে হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসিরউদ্দিন পাটওয়ারী ও তাসনিম জারার নামও উল্লেখ করা হয়।
এই খবর ছড়িয়ে পড়ার পর, অনেকেই প্রশ্ন তুলেছেন—“জুলাই গণ-অভ্যুত্থান দিবসের বর্ষপূর্তির দিনে তারা কেন কক্সবাজারে গেলেন?”—ফেসবুকে বিষয়টি নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা।
তবে এনসিপির শীর্ষ নেতারা বিষয়টিকে স্পষ্টভাবে গুজব বলে অভিহিত করে সামাজিক মাধ্যমে ছড়ানো বিভ্রান্তি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এনআর