প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৮:৪৯ AM

সংগৃহীত ছবি
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে চলতি আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
সরকারের এক কূটনীতিক বলছেন, পূর্বনির্ধারিত হলেও গত এপ্রিলে স্থগিত হওয়া এই সফর এবার বাস্তবায়ন হতে যাচ্ছে। দুই পক্ষ ইতোমধ্যে সফরের ব্যাপারে সম্মতি জানিয়েছে এবং সফরটি ২২ বা ২৩ আগস্টে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ইসহাক দারের ঢাকা সফর চূড়ান্ত ছিল, কিন্তু ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর উপমহাদেশে উদ্ভূত উত্তেজনার প্রেক্ষিতে সফরটি বাতিল করে ইসলামাবাদ। এ প্রসঙ্গে সরকারের ওই কূটনীতিক বলেন, “সব ঠিক হয়ে যাওয়ার পর তখন পাকিস্তান না করেছিল। প্রায় সবকিছু প্রস্তুত ছিল।”
সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের প্রধান বৈঠকটি হবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে। এছাড়া তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
সম্প্রতি নিউইয়র্কে একটি আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে তৌহিদ হোসেনের সঙ্গে ইসহাক দারের চতুর্থবারের মতো বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেন দার। বৈঠকে তিনি বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণেরও প্রত্যাশা ব্যক্ত করেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরে কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে এক কূটনীতিক বলেন, “সফর নিয়ে কাজ প্রায় শেষ করা আছে। আগে কিছু অ্যাগ্রিমেন্ট হয়ত আলোচনায় ছিল না, এখন হয়ত আলোচনায় আসতে পারে; কিছু অগ্রগতিও আছে। এখনই ঠিক বলা যাবে না কয়টি চুক্তি হবে।”
গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ইসলামাবাদ এবং ঢাকার মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নতি হয়েছে। ঢাকায় সরকার পরিবর্তনের ফলে দক্ষিণ এশীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুই দেশের মধ্যে আরও বাস্তববাদী এবং দূরদর্শী সম্পর্ক গড়ে উঠেছে।