প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৩:৩১ পিএম

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’র অভিযানে উপজেলা আওয়ামী লীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) রাতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. হুমায়ুন কবির মন্টু কাজী (৫৫)। তিনি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৪-নং ওয়ার্ডের বাসিন্দা এবং ইউনিয়নের সাবেক মেম্বার কাজী শাহ আলমের ছেলে। এছাড়াও তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
থানা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ বেতাগী উপজেলার সানকিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে- বিএনপির ইউনিয়ন কাউন্সিল চলাকালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই হামলায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়। এতে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন।
এ ঘটনার প্রায় দুই বছর পর চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি সানকিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে দশমিনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৪৮ জনের নাম উল্লেখসহ আরও ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। এই মামলায় শুক্রবার (১ আগস্ট) রাতে মো. হুমায়ুন কবির মন্টু কাজীকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম ‘স্বদেশ প্রতিদিন’কে জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে শনিবার (২ আগস্ট) সকালে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও এ সময় জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/এমএম