প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ২:২২ পিএম আপডেট: ২৪.০৭.২০২৫ ২:২৭ PM

চট্টগ্রামের মিরসরাইয়ে অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে উপজেলার মায়ানী ইউনিয়নের মায়ানী গ্রামের মাল বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত আমজাদ হোসেন (২৫) ওই গ্রামের আলী আহম্মেদের ছেলে।
নিহতের ছোট ভাই রিয়াদ হোসেন জানান, ভোর ৫টার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে ঘুম থেকে উঠে বাইরে যান আমজাদ। পরে নিজের রিকশার ব্যাটারির চার্জিং লাইন খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। কিছুক্ষণ পর তার স্ত্রী ঘুম থেকে উঠে তাকে অচেতন অবস্থায় রিকশার পাশে পড়ে থাকতে দেখেন।
পরিবারের অন্য সদস্যরা এসে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কামরুল হাসান বলেন, “আজ ভোরে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় একজন যুবককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ