প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১২:২১ পিএম

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজনের প্রাণহানির ঘটনায় ঘাতক ট্রাকচালক মহির উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (২৩ জুলাই) রাতে র্যাব-৫, নাটোর ক্যাম্পের সদস্যরা নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করেন।
গ্রেপ্তারের পর রাতে মহির উদ্দিনকে বনপাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন।
এর আগে বুধবার সকাল ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্প এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জে রোগী দেখতে যাওয়ার পথে মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ আটজন নিহত হন।
নিহতদের সবাই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের বাসিন্দা। নিহত সাতজনই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তারা হলেন, জাহিদুল ইসলাম, সেলিনা খাতুন, রওশনারা আক্তার ইতি, আনোয়ারা খাতুন, আনোয়ারা খাতুন আনু, আনজুমান এবং সীমা। নিহত মাইক্রোবাসচালক শাহাবুদ্দিন একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
প্রিয়জন হারানোর খবরে ধর্মদহ গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। একসাথে সাতজন স্বজনকে হারিয়ে পুরো এলাকা জুড়ে চলছে আহাজারি। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতিতে ট্রাকটি চালিয়ে মহাসড়কে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটিয়েছেন চালক মহির উদ্দিন। পুলিশ ও র্যাব এ ঘটনায় মামলা ও তদন্ত প্রক্রিয়া অব্যাহত রেখেছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে