প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১২:১৪ AM

দীর্ঘ আন্দোলন ও শিক্ষার্থীদের বারবার দাবি পূরণ করে অবশেষে রাজধানীর প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস চালু হয়েছে। রাজধানীর ৩০০ ফিট সংলগ্ন এলাকায় অবস্থিত এই স্থায়ী ক্যাম্পাস ঘিরে শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।
তবে ক্যাম্পাস চালুর আনন্দের মাঝেই আলোচনার জন্ম দিয়েছে একটি অপ্রত্যাশিত বিষয়। গুগল ম্যাপে বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল দেখা যাচ্ছে। সেখানে "Primeasia University (Permanent Campus)" নামের নিচে বাংলা অনুবাদে লেখা আছে: "প্রিমিয়াসিয়া ইউনিভার্সিটি (পারমানেন্ট ক্যাম্পাস)", যেখানে 'প্রাইমএশিয়া' বানানটি ভুলভাবে 'প্রিমিয়াসিয়া' লেখা হয়েছে।
সাধারণ মানুষ এমন ভুল করলেও গুগল ম্যাপের মতো একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের নামের এই ধরনের ভুল শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট মহলে বিস্ময়ের জন্ম দিয়েছে। এই ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে হাস্যরস।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মন্তব্য করেন, "আন্দোলন করে ক্যাম্পাস পেলাম, এখন দেখি নামটাই পাল্টে গেছে! এটা মজার হলেও দুঃখজনক।" আরেকজন মন্তব্য করেন, "আমার মা ম্যাপ দেখে বলল, এটা আবার কোন ইউনিভার্সিটি? এতদিন পড়াশোনা করি, এখন দেখি নামটাই চেনা যাচ্ছে না!"
গুগল ম্যাপে এ ধরনের তথ্য ভুল থাকা শুধু হাস্যরস নয়, বরং অনেক সময় বিভ্রান্তিরও সৃষ্টি করতে পারে। বিশেষ করে নতুন শিক্ষার্থী বা অভিভাবকদের জন্য এটি ভুল বার্তা দেয়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ভাড়াকৃত ভবনে চলা প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য নিজস্ব স্থায়ী ক্যাম্পাস ছিল শিক্ষার্থীদের বহু প্রতীক্ষিত স্বপ্ন। আন্দোলন, মানববন্ধন ও প্রশাসনিক চাপের পর অবশেষে এই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর