প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৫:৩৪ পিএম আপডেট: ২৩.০৭.২০২৫ ৬:০১ PM

প্রতীকী ছবি
নিকটজনের মৃত্যু আমাদের হৃদয়ে গভীর শোকের সৃষ্টি করে, যা সহ্য করা অত্যন্ত কষ্টকর। ইসলাম শোক প্রকাশের অনুমতি দেয়, তবে সেই শোক যেন সীমা অতিক্রম না করে এ বিষয়ে সতর্ক করেছে।
হজরত ওমর (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেছেন, “আপনজনের কান্নাকাটির কারণে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়।”
তবে অজান্তে চোখ থেকে অশ্রু ঝরলে, তা কোনো অপরাধ নয়।
কখনও আবেগ সামলাতে না পেরে অনেকে মৃত ব্যক্তির মুখে বা কপালে চুমু খান। হাদিসের আলোকে ইসলামী স্কলাররা একে বৈধ বলেছেন।
পুরুষদের ক্ষেত্রে পুরুষ মৃত এবং নারীদের ক্ষেত্রে নারী মৃতকে চুমু দেওয়া জায়েজ।
হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, “নবী (সা.) কাঁদতে কাঁদতে উসমান বিন মাজউন (রা.)-কে চুমু দিয়েছিলেন।” (সুনানে আবু দাউদ : ৩১৬৩)
আরও জানা যায়, “আবু বকর সিদ্দিক (রা.) নবী (সা.)-কে মৃত্যুর পর চুমু দিয়েছিলেন।” (বুখারি : ৪৪৫৭)
শায়খ ইবনে বাজ (রহ.) বলেন, “মৃত ব্যক্তিকে মাহরাম নারী বা নিকট পুরুষ আত্মীয় চুমু দিলে তাতে কোনো আপত্তি নেই।” (মাজমুউল ফাতাওয়া : ১৩/১০২)
তবে শোক প্রকাশের নামে সীমালঙ্ঘন নিষিদ্ধ। হজরত আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেন, “যে ব্যক্তি শোকে গালে চড় দেয়, জামা ছিঁড়ে ফেলে এবং জাহিলি যুগের মতো উচ্চস্বরে আহাজারি করে সে আমার দলভুক্ত নয়।” (বুখারি : ১২৩৫; মুসলিম : ২৯৬)