প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ১১:২৬ AM আপডেট: ২৩.০৭.২০২৫ ৪:৩০ PM

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আইড়মারী ব্রিজের পাশে শ্রীরামপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- একই পরিবারের সদস্য ইতি খাতুন (৪০), জাহিদুল ইসলাম (৬০), আঞ্জুমান (৭৫), সেলিম (৬০), আন্না খাতুন (৬০), আনু বেগম (৫৫), শিমা খাতুন (৩৫) ও মাইক্রোবাসচালক সাহাবুদ্দিন (৩৫)। নিহতদের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আদাবাড়ি ইউনিয়নের ধর্মদহ গ্রামে।
নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডলি রানী বলেন, ‘আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। একজনকে মৃত ঘোষণা করা হয় এবং বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুজন।’
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুটি যানবাহনের মধ্যে সংঘর্ষটি ছিল খুবই ভয়াবহ। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রীদের প্রাণহানি ঘটে।
পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে এ সংঘর্ষ ঘটে থাকতে পারে।
এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। তবে ঘটনাস্থলে পাঁচজন, স্থানীয় হাসপাতালে একজন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুজন মারা যান।’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার কারণে সৃষ্টি হওয়া যানজট নিরসন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।’
স্বদেশ প্রতিদিন/এনআর