প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৮:২০ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে মেয়ের পরকীয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করেছেন এক মা ও তার দেড় বছরের শিশুকন্যা।
মঙ্গলবার (২২ জুলাই) ভোররাতে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—স্থানীয় কৃষক সাহাবুদ্দিন মাঝির স্ত্রী তাসলিমা বেগম (৪০) এবং তাদের ছোট মেয়ে মিতু আক্তার (২)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাসলিমার বড় মেয়ে সাবিনা আক্তারের বিয়ে হয় তিন বছর আগে একই গ্রামের মাহফুজ আলমের সঙ্গে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। অভিযোগ রয়েছে, মেয়েটি একপর্যায়ে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে মা ও মেয়ের মধ্যে প্রায়ই বিবাদ হতো।
সর্বশেষ মঙ্গলবার সকালে তীব্র বাকবিতণ্ডার পর অভিমানে তাসলিমা বেগম বাড়ির পাশের ধানখেতে গিয়ে শিশুকন্যা মিতুকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেন।
স্থানীয় যুবক আল-আমিন জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদা আক্তার তাদের মৃত ঘোষণা করেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ