প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৫:৩৭ পিএম

সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় ওই ভবনে কোচিং ক্লাস চলছিল এবং সেখানে প্রায় ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনায় ভবনটিতে আগুন ধরে যায়। ঘটনার সময় শিক্ষার্থীদের আনাগোনা থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মাইলস্টোন কলেজের এক কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে উপস্থিত সাংবাদিকদের বলেন, “যে ভবনে বিমানটি বিধ্বস্ত হয় সেখানে সাধারণত দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ক্লাস হয়। তবে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর কোচিং ক্লাস চলছিল। তখনই দুর্ঘটনাটি ঘটে। ভেতরে ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী ছিল বলে ধারণা করছি। অনেকে আহত হয়েছেন, কয়েকজনকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না।”
প্রসঙ্গত, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে সংখ্যাটি আরও বাড়তে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর