প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১:৩৬ পিএম আপডেট: ২১.০৭.২০২৫ ৪:০৮ PM

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের ওপরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি ফাইটার জেট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। বিমান বিধ্বস্তের সময় পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বিধ্বস্তের ঘটনায় নিহত ১, আহত হয়েছেন ৬০ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক।
সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরা দিয়াবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আইএসপিআরের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা যায়, স্কুলের শিক্ষার্থীদের ছুটি দেওয়ার সময় এই বিধ্বস্তের ঘটনা ঘটে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-7 বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। প্রশিক্ষণের উদ্দেশ্যে বিমানটি ১ টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সেই সাথে বিমান বাহিনীর ও সেনাবাহিনীর পৃথক দুটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে।
আজ বেলা দুইটার কিছু পরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন, ‘আহত ৪ জনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে এবং একজন নিহত হয়েছেন। আহতের সংখ্যা আরও বাড়তে পারে।’
তথ্য অনুযায়ী বিমানটি বিধ্বস্তের সময় কলেজের অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। এখন পর্যন্ত আহত ১ জন শিক্ষক ও ৬০ জন শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে উদ্ধারকারী দলের সদস্যরা।
স্বদেশ প্রতিদিন/এমএম