প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৪:৩৬ পিএম

খুলনায় জলাবদ্ধতা সমস্যা ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের ওপর গুরুত্বারোপ করেছে খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটি।
রবিবার (২০ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয় ।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, “জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন দপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানগুলো সুষ্ঠু ব্যবস্থাপনায় সম্পন্ন করতে হবে। জুলাইয়ের শেষ সপ্তাহ ও আগস্টের শুরুতে খুলনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর ফলে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলাসহ শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে। আগাম প্রস্তুতি নেওয়ার পাশাপাশি খালের পানিপ্রবাহ যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সেদিকে নজর দিতে হবে।”
জেলা প্রশাসক আরও বলেন, “বৃষ্টির কারণে খুলনার বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক দ্রুত মেরামতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে উদ্যোগী হতে হবে।”
সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ জানান, মহানগরে নিয়মিত টহল ও চেকপোস্ট চালু রয়েছে। সম্প্রতি পুলিশ ৫০ হাজার পিস ইয়াবা ও ১৬০ কেজি গাঁজাসহ উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার করেছে। একইসাথে কিশোর গ্যাং দমনে নজরদারি জোরদার করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম জানান, গত দুই সপ্তাহের টানা বৃষ্টিতে জেলার ৫৬৫ হেক্টর জমির ফসল সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্তদের সংখ্যা ১৩ হাজার ৭১ জন, আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ২৭ কোটি ৬৫ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে আউশ ও আমন ধান, পাট, সবজি, তরমুজ, মরিচ, শিম, আদা ইত্যাদি।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান, সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ