প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১০:০৫ পিএম

সংগৃহীত ছবি
সরকারের দুর্বলতার জন্যই ভারত বাংলাদেশে তাদের বাংলা ভাষাভাষী নাগরিকদের পুশইন করছে। সরকার শক্তিশালী হলে পুশইনের মতো ঘটনাগুলো ঘটত না বা পুশইন করার সাহস পেত না বলে মন্তব্য করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
আজ শনিবার (১৯ জুলাই) কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা শিশু পার্ক মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে বিকেল ৩টায় গণসমাবেশে ফয়জুল করিম বলেন, “সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, খুন-ধর্ষণ, রাহাজানি বেড়েছে। ২০২৪ সালের জুলাই আন্দোলন হয়েছে বৈষম্য দূর করার জন্য কিন্তু বর্তমান চিত্র হচ্ছে ভিন্ন। কারণ যে দাবি আদায়ের লক্ষ্যে এতগুলো মানুষ জীবন দিল সেই বৈষম্যও বেড়েছে।”
তিনি দাবি করে আরো বলেন, “আমরা চাই পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। এতে নতুন করে কেউ স্বৈরাচার হতে পারবে না। সংসদে আনুপাতিক হারে আসন বণ্টন হবে। তখন মানুষকে যে কোনো দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে হবে না। এ জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া জরুরি। সংসদে কোনো দলের এক আধিপত্য থাকবে না।”
উল্লেখ্য, প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি কুড়িগ্রামের ৪টি আসনের হাত পাখার প্রার্থীর নাম ঘোষণা করেন। সে সঙ্গে হাত পাখার প্রার্থীকে নির্বাচিত করে সংসদে পাঠানোর আহ্বান জানান।
গণসমাবেশে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম ৪ আসনের মনোনীত প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক মো. হাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহসভাপতি অধ্যক্ষ মাও. নুর বখত্ মিয়া।
আরো উপস্থিত ছিলেন, চর রাজিবপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ ইমাম হোসাইন, রৌমারী উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক সভাপতি মাওলানা আক্তার হোসেনসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
তবে, এ দিন গণসমাবেশ ঘিরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের বেশ উচ্ছ্বসিত দেখা যায়।