প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩:৫০ পিএম

সংগৃহীত ছবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘ডেথ সেল’-এ রেখে অমানবিকভাবে বন্দি রাখা হয়েছে বলে অভিযোগ করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
এক সংবাদ সম্মেলনে পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সচিব শেখ ওয়াকাস আকরাম অভিযোগ করেন, ইমরান খানকে প্রতিদিন ২২ ঘণ্টা একা একটি ছোট কক্ষে আটকে রাখা হচ্ছে। তাকে টেলিভিশন দেখা, বইপড়া কিংবা সংবাদপত্র পড়ার অনুমতিও দেওয়া হচ্ছে না। এমনকি তার আইনজীবী ও পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না।
আকরাম বলেন, “এই অবস্থা আসলে এক ধরনের মানসিক নির্যাতন এবং মৌলিক মানবাধিকার লঙ্ঘনের নামান্তর।”
তিনি আরো বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী ইমরান খানের ছয়জন নির্ধারিত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করার অধিকার আছে, কিন্তু সেটিও লঙ্ঘন করা হচ্ছে। এই আচরণ আদালত অবমাননার শামিল।”
তিনি অভিযোগ করেন, ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকেও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, আর ইমরান খানের বোন আলিমা খান পর্যন্ত তার সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন না।
তিনি পাকিস্তানের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আদালতের আদেশ যেভাবে উপেক্ষা করা হচ্ছে, তাতে শুধু বিচার বিভাগের মর্যাদাই ক্ষুণ্ন হচ্ছে না, বরং দেশের বিচারব্যবস্থাকে উপহাস করা হচ্ছে।”
সংবাদ সম্মেলনে আরো দাবি করা হয়, কারাগারে বন্দি থাকা পিটিআই নেতাদের স্বাস্থ্যের অবনতি ঘটছে এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির শারীরিক অবস্থা ক্রমশই অবনতি হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ