প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২:৪২ পিএম

শিবপুর থানা পুলিশের সহায়তায় তাকে আদালত পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নরসিংদীতে আদালতের কাঠগড়া থেকে লোডশেডিংয়ের সুযোগে পালিয়ে যাওয়া আসামি অবশেষে শিবপুরে জনতার হাতে ধরা পড়েছেন।
গতকাল বুধবার (১৬ জুলাই) বিকেলে শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের সৃষ্টিগড় এলাকা থেকে আসামি রিয়াজুল ইসলামকে (২৫) আটক করা হয়। পরে শিবপুর থানা পুলিশের সহায়তায় তাকে আদালত পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, রিয়াজুল ইসলাম নরসিংদীর রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে। অটোরিকশা চুরির মামলায় গত ৭ জুলাই তাকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মামলার শুনানির সময় নরসিংদী জেলা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার আদালত কক্ষে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট হয়। সুযোগ বুঝে কাঠগড়া থেকে বেরিয়ে দ্রুত পালিয়ে যান তিনি।
তবে, পালানোর পরপরই আদালত চত্বর ও আশপাশে ব্যাপক তল্লাশি চালানো হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
পুলিশ জানায়, বুধবার দুপুরে রিয়াজুল সৃষ্টিগড় বাসস্ট্যান্ডে একটি বাস থেকে নামলে স্থানীয় কয়েকজন তাকে চিনে ফেলেন। আদালত থেকে পালানোর খবর তাদের জানা ছিল। সন্দেহ হওয়ায় তারা কৌশলে রিয়াজুলকে আটক করে শিবপুর থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
নরসিংদী আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইরুল ইসলাম বলেন, “গ্রেপ্তারের পর বিকেলেই রিয়াজুলকে নরসিংদী মডেল থানায় নেয়া হয়েছে। আদালত থেকে পালানোর ঘটনায় তার বিরুদ্ধে নতুন একটি মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আবার আদালতে তোলা হবে।”