‘জাতীয় সংস্কারক’ উপাধি নিতে ইচ্ছুক নন ড. ইউনূস
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৬:৫৩ পিএম

ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘জাতীয় সংস্কারক’ উপাধি নিতে ইচ্ছুক নন এবং সরকারও তাঁকে এ ধরনের কোনো উপাধি প্রদানের পরিকল্পনা করছে না বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
মঙ্গলবার (১৫ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এই বক্তব্য আসে হাইকোর্টের এক বেঞ্চের রুল জারির পরদিন। সোমবার আদালত জানতে চায়, অধ্যাপক ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না—সেই মর্মে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়েছে।
প্রধান উপদেষ্টার দপ্তরের বিবৃতিতে বলা হয়, “অধ্যাপক ইউনূস নিজে এমন কোনো উপাধি চান না, এবং সরকারও তাঁকে এ ধরনের কোনো বিশেষ উপাধি দেওয়ার চিন্তা করছে না। আদালতের আদেশটি সরকারের নজরে এসেছে এবং যথাসময়ে এর জবাব দেওয়া হবে।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, রুলটি একটি ব্যক্তিগত রিটের মাধ্যমে দায়ের হয়েছে বলেই ধারণা করা হচ্ছে, এবং এতে কী ভিত্তিতে এমন নির্দেশনা চাওয়া হয়েছে তা স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেলের দপ্তর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।
প্রসঙ্গত, চলমান অন্তর্বর্তীকালীন সরকার এবং জাতীয় সংস্কার প্রক্রিয়ায় ড. ইউনূসের ভূমিকা নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে আদালতের এমন রুল এবং প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এনআর