প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৫:৫২ পিএম

চারদিনের সফরে ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট। শনিবার (১২ জুলাই) দুপুরে তিনি ঢাকায় পৌঁছান বলে নিশ্চিত করেছে বিশ্বব্যাংকের ঢাকা অফিস।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের যোগাযোগ কর্মকর্তা মেহরীন জানিয়েছেন, সফরকালে জোহানেস জাট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি বেসরকারি খাতের বিভিন্ন প্রতিনিধি ও অংশীদারদের সঙ্গেও মতবিনিময় করবেন।
ঢাকায় পৌঁছানোর পর এক বিবৃতিতে জোহানেস জাট বলেন, বাংলাদেশের জনগণ এবং সেখানের বন্ধুত্বের স্মৃতি আমার খুব প্রিয়।তিনি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ, ভুটান ও নেপালে কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে ছিলেন। সেই সময়ের পর গত দশ বছরে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি সরাসরি দেখার জন্য তিনি অধীর আগ্রহী।
জোহানেস জাট বলেন, বাংলাদেশ যেন টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বজায় রাখতে পারে এবং প্রতিবছর চাকির বাজারে প্রবেশ করা ২০ লাখ তরুণের জন্য আরও সুযোগ তৈরি হয় সেই লক্ষ্যে বিশ্বব্যাংক প্রতিশ্রুতিবদ্ধভাবে।
গত ১ জুলাই তিনি বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নতুন দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বাংলাদেশ সফর।
স্বদেশ প্রতিদিন/ আরএফ