প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২:৫৭ পিএম

বরগুনার তালতলীতে শ্বশুরবাড়ি বেড়াতে এসে মো. সিদ্দিকুর রহমান (৩৯) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শনিবার (১২ জুলাই) ভোররাতে উপজেলার বড় বগী ইউনিয়নের সওদাগার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান আমতলী উপজেলার কুকুয়া গ্রামের মৃত আজহার মোল্লার ছেলে এবং বড় বগি ইউনিয়নের জয়দেব ব্যাপারীর জামাতা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে তার মরদেহ বাড়ির বসত ঘরের সামনের রেইনট্রি গাছের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান শ্বশুরবাড়ির সদস্যরা। তাৎক্ষণিকভাবে বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, সিদ্দিকুর শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন এবং পারিবারিক কলহের জেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আত্মহত্যার পেছনের প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তালতলী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম