প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১:৩৯ AM

ফাইল ছবি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় অধিযাচনের ভিত্তিতে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
তিনি বলেন, “দুদকের একটি মামলায় অধিযাচনের পরিপ্রেক্ষিতে ডিবির একটি দল ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করেছে। শুক্রবার সকালে তাকে দুদকে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
ড. আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক এবং জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদক অনুসন্ধান চালিয়ে মামলার সুপারিশ করেছিল।
এ ঘটনায় ব্যাংকিং খাতে আলোচিত বেশ কিছু অনিয়ম তদন্তের আওতায় আসবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
স্বদেশ প্রতিদিন/এনআর