প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৮:২২ পিএম আপডেট: ০৮.০৭.২০২৫ ৮:৪৫ PM

সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ মোট ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ইয়াছির আরাফাত ও উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন।
নিষেধাজ্ঞা পাওয়া অন্য অভিযুক্তরা হলেন, সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান, আইএফআইসি ব্যাংকের সাবেক পরিচালক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সার্ভ কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরিচালক সারওয়াত সুলতানা মনামী, ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম, আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম সারোয়ার, সাবেক পরিচালক রাবেয়া জামালী, আর এ এম নাজমুস সাকিব, কামরুন নাহার আহমেদ, জাফর ইকবাল, উপব্যবস্থাপনা পরিচালক শাহ মো. মাইনউদ্দিন, নুরুল হাসনাত এবং বেক্সিমকো গ্রুপের ডেপুটি ম্যানেজার কৌশিক কান্তি পণ্ডিত।
জানা যায়, অভিযুক্ত প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা চলমান থাকায় এই নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছিল।