প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৯:৫৬ AM

বিগত ১৬ বছরে দেশের জনসাধারণ নিপীড়ন, হত্যা, গুম ও খুনের শিকার হয়েছেন। আমরা ফ্যাসিবাদীদের উৎখাত করেছি। জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে বারবার নানা অনুষ্ঠান করতে হবে- এনমটি বলেছেন তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম।
সোমবার (৭ জুলাই) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের মিলনায়তনে ‘শ্রাবণ বিদ্রোহ’ নামের একটি তথ্যচিত্রের প্রিমিয়ার শো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্যচিত্রটি ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার ওপর নির্মিত এবং পরিচালনা করেছেন আরিফুর রহমান।
তিনি বলেন, ‘যারা অধিকার আদায়ে শহীদ হয়েছেন ও শহীদ পরিবারের সবার যে ভূমিকা রয়েছে সেসব স্মৃতিকে সবার মধ্যে বারবার মনে করিয়ে দিতে এবং এক্ষেত্রে আমাদের কি দায়িত্ব ও কর্তব্য স্মরণ করে দিতে এ ধরনের অনুষ্ঠান বেশি করতে হবে।’
ফ্যাসিবাদের উৎখাতে এ ধরনের অনুষ্ঠান উৎসাহ ও প্রেরণা জোগাবে উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু জুলাই মাস নয় প্রতিমাসেই শহীদদের স্মরণ করব এবং প্রতিটি পদক্ষেপে তাদের স্মরণ করে যাব। আমাদের অনেক অর্জন আছে, আবার কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষার কাছাকাছি যেতে পারিনি। এই লড়াইয়ের ইতিহাস দীর্ঘ, অনেক দিনের লড়াই। এই লড়াইয়ের ইতিহাস এক বছর, দুই বছর নয়।’
স্বদেশ প্রতিদিন/এমএম