প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৭:৩৬ পিএম

সংগৃহীত ছবি
গাজীপুরের জয়দেবপুর থানায় বোরকার নিচে পুলিশের পোশাক পরে প্রবেশ করার সময় এক ভুয়া নারী পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১০টায় এই ঘটনাটি ঘটে। আটক তানিয়া (২৭) গাজীপুর সদর উপজেলার পিরুজালী মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবু তালেব।
পুলিশ জানায়, পাওনা টাকা আদায়ের বিষয়ে থানায় অভিযোগ জানাতে যান তানিয়া। সে সময় তিনি পুলিশের পোশাক পরে নিজেকে নারী এসআই পরিচয় দেন। তখন এক কনস্টেবলকে ‘স্যার’ বলে ডাকায় বিষয়টি সন্দেহজনক মনে হয় দায়িত্বে থাকা কর্মকর্তার। পরে এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তল্লাশি চালিয়ে নিশ্চিত হওয়া যায়, তার সঙ্গে পুলিশের কোনো আনুষ্ঠানিক যোগসূত্র নেই। তানিয়ার কাছ থেকে একটি পুলিশের ইউনিফর্ম জব্দ করা হয়। এছাড়া তার বাসায় অভিযান চালিয়ে আরো কিছু পুলিশি পোশাক ও সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের থেকে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য অনুযায়ী জানা যায়, তানিয়া প্রায়ই পুলিশের পোশাক পরে এলাকায় ঘোরাফেরা করতেন এবং এসব ছবি ও ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করতেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, “তানিয়াকে আদালতে পাঠানো হয়েছে। তার উদ্দেশ্য কী ছিল, এসব পোশাকের উৎস কোথা থেকে, কিংবা তিনি কোনো অপরাধে জড়িত ছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তীতে রিমান্ডের আবেদন করা হবে।”