প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৯:১০ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন—মেহেদী হাসান (৩১) ও মোটরসাইকেল চালক মুন্না (২৮)। তারা দুজনেই চাঁদপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গজারিয়ার মধ্যবাউশিয়া বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ মো. শওকত হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী তিসা প্লাস পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১২-১৭৪৯) একই দিকে যাওয়া একটি মোটরসাইকেলকে (ঢাকা মেট্রো-ল ৫৬-২৭২৭) চাপা দিলে ঘটনাস্থলেই মেহেদী হাসান মারা যান। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক মুন্নাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ডা. কামরুন নাহার তাকে মৃত ঘোষণা করেন।
ভবেরচর হাইওয়ে পুলিশের ডিউটি অফিসার এসআই শিশির জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নিয়ন্ত্রণহীন গতিতে চলছিল এবং ধাক্কা দেওয়ার পর দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্বদেশ প্রতিদিন/এনআর