প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৪:৩৯ পিএম আপডেট: ২৯.০৬.২০২৫ ৫:২৪ PM

স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পলায়নের পর বাংলাদেশ পুলিশ- এর অনেক সদস্য কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। বিশেষ করে ৫ আগষ্টের পর থেকে যে সকল পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, তাদের মধ্যে ১৩ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
রোববার (২৯ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্ত করা হয়। জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত ১৩ টি পৃথক প্রজ্ঞাপন প্রকাশ করে।
সিনিয়র সচিব নাসিমন গনি সই করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(গ) অনুসারে পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।’
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা বলেন, ১৩ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এদের সবাই দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত।
স্বদেশ প্রতিদিন/এমএম