প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ১২:১৪ AM

সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইনশাআল্লাহ সরকার গঠন করবে এবং সংসদে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “বাংলাদেশে বুলেটের রেভল্যুশন হয়েছে, এবার ব্যালটে রেভল্যুশন হবে। কোনো শক্তি এটা ঠেকাতে পারবে না। আমরা জয়ী হবো।”
শনিবার রাজধানীতে আন্তর্জাতিক এসএমই দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, “গত ১৫ বছরে এসএমই খাতে এবং শেয়ারবাজারে যারা লুটপাট করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। দলীয় প্রভাব খাটিয়ে যারা প্রতিষ্ঠান গড়তে চায়, ভবিষ্যতে তাদের ঠেকানো হবে।”
নাসীরুদ্দীন বলেন, “বিগত সরকার আঙুল ফুলে কলাগাছ হওয়ার সুযোগ দিয়েছে নির্দিষ্ট কিছু লোককে। কিন্তু আমরা দলমতের ঊর্ধ্বে উঠে দেশের জন্য কাজ করবো। চাঁদাবাজি, মাস্তানি করে অর্থ উপার্জনের কালচার বন্ধ করা হবে। আমাদের রক্তের ওপর দিয়ে বাংলাদেশে আঘাত করতে হবে, তবেই কেউ আমাদের রুখতে পারবে।”
তিনি আরও বলেন, “ভোট আয়োজন করা যেমন দায়িত্ব, তেমনি তরুণ প্রজন্মের ভবিষ্যৎ রক্ষা করাও সরকারের দায়িত্ব। সরকার আরাম কেদারায় বসে শুধু বড় কথা বললে হবে না, ফ্যাসিবাদের বিচার করতে হবে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে।”
অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, “অল্প কয়েকজন ব্যক্তি দেশের নব্বই শতাংশ ব্যবসা নিয়ন্ত্রণ করছে। তারা একটি সাম্রাজ্য গড়ে তুলেছে।”
তিনি অভিযোগ করেন, “অর্থশালী ব্যবসায়ীরা রাজনৈতিক দলের সঙ্গে হাত মিলিয়ে টেন্ডার থেকে শুরু করে সবকিছু নিজেদের হাতে নিয়েছে। মিডিয়া মাফিয়া, ব্যাংক মাফিয়া ক্ষুদ্র উদ্যোক্তাদের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই ক্ষুদ্র ব্যবসায়ীদের এখন ঐক্যবদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানে এসএমই খাতের বিভিন্ন উদ্যোক্তাদেরও পুরস্কৃত করা হয়।
স্বদেশ প্রতিদিন/এনআর