প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৬:০৭ পিএম আপডেট: ২৮.০৬.২০২৫ ৬:১৪ PM

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দাপ্তরিক কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সাইবার নিরাপত্তা ও করপোরেট তথ্য সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থার আইটি বিভাগ।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হোয়াটসঅ্যাপ একটি থার্ড-পার্টি অ্যাপ এবং এটি অনেক ক্ষেত্রেই তথ্য নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করে। ফলে অফিসিয়াল যোগাযোগের জন্য এটি আর ব্যবহারযোগ্য নয়। এর পরিবর্তে কর্মীদের মাইক্রোসফট টিমস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
মাইক্রোসফট টিমসের মাধ্যমে টেক্সট মেসেজ, ভয়েস ও ভিডিও কল, ফাইল শেয়ারিংসহ নানাবিধ দাপ্তরিক সুবিধা পাওয়া যায়। এ প্ল্যাটফর্ম আন্তর্জাতিকভাবে নিরাপদ ও পেশাগত যোগাযোগের মাধ্যম হিসেবে পরিচিত।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস মাইক্রোসফটের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে এবং ইতোমধ্যে বেশ কিছু দাপ্তরিক কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাইবার হুমকি ও তথ্য ফাঁস রোধে বিশ্বের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এরই মধ্যে হোয়াটসঅ্যাপকে দাপ্তরিক যোগাযোগের তালিকা থেকে বাদ দিয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম