প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৮:৪২ AM

উখিয়ায় ডাকাতির ঘটনায় দুই ভাই গুলিবিদ্ধ, এক জনের মৃত্যু
কক্সবাজারের উখিয়া উপজেলায় সশস্ত্র ডাকাত দলের হামলায় দুই ভাই গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় আহতদের একজনকে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুবরণ করেন।
সোমবার (২৩ জুন) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার জালিয়া পালং ইউনিয়নের নুরের ডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মোহাম্মদ ইসহাকের ছেলে বাবুল (৪০)। আরেক ভাই গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, ডাকাত দলটি পূর্বেও এই পাহাড়ি এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে এবং অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধে লিপ্ত রয়েছে।
উখিয়া থানা পুলিশ ঘটনার সঙ্গে দ্রুত যোগাযোগ করে ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে এবং তদন্ত করছে। এখনও পর্যন্ত কোনো গ্রেফতারি হয়নি, তবে অভিযুক্তদের শনাক্তে তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে।
এদিকে, উখিয়া-টেকনাফ সীমান্ত এলাকায় চুরি, অপহরণ ও ডাকাতির মতো অপরাধের হার বেড়ে যাওয়ায় স্থানীয়রা নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন। তারা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ি এলাকায় টহল জোরদার ও নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এমএম