প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৮:৫৪ পিএম আপডেট: ২১.০৬.২০২৫ ১২:৫০ এএম

প্রতীকী ছবি
যশোর সদর হাসপাতালে ঘটে গেল এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। হতবাক হাসপাতালের চিকিৎসক, নার্স ও রোগীরা।
গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) রাতে পেটের ব্যথা নিয়ে যশোর সদর হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন রত্না বিশ্বাস (৩৬)। তিনি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার জোহরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের বাসিন্দা এবং রমেশ বিশ্বাসের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০ জুন ভোর আনুমানিক ৪টায় ওয়ার্ডের ওয়াশরুমে যান রত্না। সেখানে কোনো ধরনের চিকিৎসা সহায়তা ছাড়াই তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। সদ্যপ্রসূত ওই নারী নিজেই নবজাতককে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করেন এবং তাকে মেরে ফেলার চেষ্টা করেন। ওয়াশরুমে থাকা বদনার পানি নবজাতকের মুখে ঢেলে শিশুটির শ্বাসরোধের চেষ্টা চালান তিনি। চিৎকার শুনে কর্তব্যরত নার্স দ্রুত ছুটে এসে শিশুটিকে মায়ের হাত থেকে উদ্ধার করেন। নবজাতকটিকে তাৎক্ষণিকভাবে নবজাতক ইউনিটে স্থানান্তর করে চিকিৎসা শুরু করা হয়।
উল্লেখ্য, বর্তমানে শিশুটি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। এবং রত্না বিশ্বাসকে গাইনি ওয়ার্ডে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তার স্বামী রমেশ বিশ্বাস জানান, রত্না দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন। বিষয়টি নিয়ে পরিবার থেকে চিকিৎসার চেষ্টা চলছিল।