প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৭:৩১ পিএম

নোয়াখালীতে টানা বৃষ্টিতে জেলা শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগী ও সাধারণ পথচারীরা।
জেলা আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় জেলায় ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি দেশের মধ্যে সর্বোচ্চ।
জলাবদ্ধতার কারণে জেলা জজ আদালত প্রাঙ্গণ, জজকোর্ট সড়ক, জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন সড়ক, জেলা জামে মসজিদ সড়ক, হাউজিং এস্টেট, বালুর মাঠ, মাস্টার পাড়া, খোন্দকার পাড়া, মধুসূদনপুর, লক্ষীনারায়ণপুরসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকায় পানি জমে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শহরের ওপর দিয়ে প্রবাহিত খালগুলো দখল হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। অপরিকল্পিত আবাসন ও দোকানপাট নির্মাণের ফলে নিচু এলাকার জলাধার হারিয়ে গেছে। ফলে বৃষ্টির পানি নিষ্কাশনের পথ না থাকায় দ্রুতই তলিয়ে যায় এলাকা।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, “নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে, সামনের দিনগুলোতেও তা অব্যাহত থাকতে পারে।”
জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, “জলাবদ্ধতা নিরসনে একাধিকবার বৈঠক করেছি। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। এ সমস্যা সমাধানে প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতাও প্রয়োজন।”
স্বদেশ প্রদেশ/কেএইচ