প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ১১:৫১ পিএম

ফেনীর সোনাগাজীতে মুহুরী প্রজেক্ট এলাকায় বড় ফেনী নদীর জোয়ারে ডুবে ও বেওয়ারিশ কুকুরের কামড়ে ১৭০টি ভেড়ার মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ক্ষতিগ্রস্ত খামারী তার ৩শতটি ভেড়ার মৃত্যু হয়েছে বলে দাবি করছেন।
জানা যায়, গত মঙ্গলবার রাতে হঠাৎ জোয়ারের তীব্রতায় ভেঙে পড়ে ভেড়ার টঙ ঘর। এরপরই ঘটে এই করুণ ঘটনা। ভেড়া মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত কামালের আহাজারিতে যেন ভারি হয়ে উঠেছে আকাশ বাতাস
খামারির ভাষ্য, সন্ধ্যায় ভেড়াগুলো নিরাপদে বাঁশের টংয়ে উঠানো হয়। কিন্তু রাতের জোয়ারে একপাশ ভেঙে গেলে বেশিরভাগ ভেড়া পানিতে ডুবে যায়। যেগুলো তীরে উঠে আসে, তাদের অনেককে কামড়ে মারে আশপাশের বেওয়ারিশ কুকুরগুলো।
উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের ভোলা মিয়ার ছেলে বাদামতলী দাসপাড়ার অধিবাসী ক্ষতিগ্রস্ত খামারি কামাল উদ্দিন বলেন, সব শেষ হইয়া গেলো ভাই প্রায় তিনশো ভেড়া ছিলো আমার পানিতে ডুইবা আর কুকুরে কামড় দিয়া সব শেষ কইরা দিলো। সাড়ে উনিশ লাখ টাকার ক্ষতি, আমি নিঃস্ব। সরকারি সহযোগিতা না পেলে আমি আর দাঁড়াতে পারবো না। আমি মরে গেছি।
স্বদেশ প্রতিদিন/এনআর