প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৭:২৬ পিএম

ঈদুল আজহার ছুটিতে মাদ্রাসা থেকে বাড়িতে এসে সাপের দংশনে কুমিল্লার নাঙ্গলকোটে ইরফান হোসেন (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার সকাল ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ইরফান নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের মাইরাগাঁও গ্রামের মুন্সিবাড়ির মোহাম্মদ আলমের বড় ছেলে। সে ফেনীর রশীদিয়া মাদ্রাসার হিফজ শাখার আবাসিক শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে বাড়িতে আসা ইরফান মঙ্গলবার দুপুরে স্থানীয় জামাল মৎস্য খামারের পুকুরপাড় দিয়ে যাওয়ার সময় কাদায় হোঁচট খেয়ে পড়ে যায়। এ সময় পুকুরের চারপাশে টানানো জালে আটকে থাকা একটি বিষধর সাপ তাকে বাম পায়ের আঙুলে দংশন করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে প্রায় দুই ঘণ্টা রাখা হলেও অ্যান্টিভেনম না থাকায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের চাচা মুরাদ হোসেন বলেন, “হাসপাতালে নেওয়ার পর দুই ঘণ্টা শুধু পায়ের বাঁধন খুলে রেখেছে। পরে জানায়, এখানে ভ্যাকসিন নেই—তাকে কুমিল্লায় নিতে হবে। সময়মতো ভ্যাকসিন পেলে আমার ভাতিজার এমন পরিণতি হতো না। আমি এর সঠিক বিচার চাই।”
এ বিষয়ে জানতে চাইলে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন বলেন, “সাপে কাটার কোনো ভ্যাকসিন আমাদের কাছে নেই।” তবে ইরফানকে দুই ঘণ্টা হাসপাতালে রাখা হয়েছে—এমন অভিযোগ অস্বীকার করে তিনি ফোন কেটে দেন।
স্বদেশ প্রতিদিন/কেএইচ